বিমানের সিন্ডিকেট দূর করতে কাজ করে যাচ্ছি: বিমানমন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ আফরোজা খানম রিতার

মানিকগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা গেলে বাংলাদেশ বিমান শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টর ঘুরে দেখেছেন তিনি। প্রতিটি খাতেই সম্ভাবনার জায়গা রয়েছে। এগুলো কোনো লোকসানি প্রকল্প নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সততার সঙ্গে পরিচালনা করা গেলে এসব খাত দেশের জন্য বড় অবদান রাখতে পারে।

বিমানকে ঘিরে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাঁর মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও সম্ভাবনাময় করে তোলা। এর মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বিমানের পরিচিতি ও সুনাম বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমার চেষ্টা থাকবে এমন কিছু পরিবর্তনের ভিত্তি তৈরি করে যাওয়া, যাতে মানুষ বলতে পারে—আপা এসেছিলেন এবং পরিবর্তনের শুরুটা করে দিয়ে গেছেন।’

অনুষ্ঠানে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে জেলার শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট অংশ নেন।

  • বিমান
  • সর্বশেষ
  • সিন্ডিকেট