কফিল বদলে আকামা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা পুরোনো নিয়োগকর্তা (কফিল)–এর মাধ্যমে আকামা নবায়ন করতে না পারলে নিয়ম অনুযায়ী কফিল পরিবর্তন করে আকামা নবায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আকামা নবায়নের সময় বাংলাদেশি কর্মীরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন। বিষয়টি নিয়ে আলোচনার পর সৌদি প্রতিনিধি দল জানিয়েছে, যেসব কর্মী পুরোনো কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন না, তারা বিধি মেনে কফিল পরিবর্তনের মাধ্যমে আকামা নবায়ন করতে পারবেন।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক রয়েছে। বৈঠকে সৌদিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, মর্যাদা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিপুল জনবলের প্রয়োজন হবে। এ কারণে দেশটি সাধারণ শ্রমিকের পাশাপাশি আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন কারিগরি খাতে দক্ষ জনবল নিয়োগে আগ্রহী এবং এসব ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায়।

বৈঠকে সৌদির কারাগারে ছোটখাটো অপরাধে আটক বাংলাদেশিদের ক্ষমা করে দেশে ফেরার সুযোগ, নৈতিক নিয়োগ প্রক্রিয়া (ইথিক্যাল রিক্রুটমেন্ট) জোরদার এবং শ্রমবাজারে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. মোহাম্মদ এ এম আলশামেরি, মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।

  • সর্বশেষ
  • সৌদি আরব
  • হজ