ব্যাগেজ হ্যান্ডলিংয়ে গতি আনতে বিমানমন্ত্রীর কড়া নির্দেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের সময় কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

রোববার সকালে বিমানবন্দরে পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট অবতরণ করলে এর ব্যাগেজ ব্যবস্থাপনা প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

ফ্লাইটটির কার্গো হোল্ড খোলা, ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর—পুরো প্রক্রিয়াটি তদারকি করেন মন্ত্রী।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের দ্রুত ব্যাগেজ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিতভাবে ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন তিনি। এসব স্ক্রিনে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি তাৎক্ষণিকভাবে প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

পরিদর্শনকালে বিমানবন্দরের ওয়াশরুমগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন মন্ত্রী। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেন তিনি এবং বিভিন্ন ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানি কমাতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। এর অংশ হিসেবে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং যাত্রীসেবার মান উন্নয়নে মন্ত্রী পর্যায়ের এই তদারকি করা হয়েছে।

  • গ্রাউন্ড হ্যান্ডেলিং
  • বিশেষ ব্যাগেজ সুবিধা
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ