তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী ও এমআরটি প্রকল্প নিয়ে বাংলাদেশ–জাপান বৈঠক

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে জাপানের অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি (MRT) লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করে উদ্বোধনের আশা প্রকাশ করেন।

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এ সময় বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট প্রদান করা হবে বলেও প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে অবহিত করে।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

বৈঠক শেষে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। জবাবে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

  • থার্ড টার্মিনাল
  • বাংলাদেশ-জাপান
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ