যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিতে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বোয়িং থেকে আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, ব্যয়ের প্রতিশ্রুতি বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে আগের পরিকল্পনার চেয়েও বেশি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।

রোববার রাতে এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ হয়েছে। এতে বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কিনতে ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন অর্ডারের পরিমাণ আগের অর্ডারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলেও তিনি জানান।

তবে বাংলাদেশ ঠিক কতটি নতুন উড়োজাহাজ কিনবে বা এ জন্য মোট কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন এই দূত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার অংশ হিসেবে গত বছরের জুলাইয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। তখন বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ২৫ করার পরিকল্পনা নেওয়া হয়।

এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চুক্তির আওতায় রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

১৪টি উড়োজাহাজের আনুমানিক বাজারমূল্য ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরের মধ্যে এবং সবগুলো উড়োজাহাজ ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়ার কথা।

এদিকে, গত ৩০ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে আসেন সার্জিও গর। সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা ছাড়ার আগে এক্সে দেওয়া পোস্টে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান।

  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বিমান-বোয়িং চুক্তি
  • বোয়িং
  • সর্বশেষ