বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, আজ চুক্তি সই

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর চলমান সফরের মধ্যেই এ বিষয়ে চুক্তি সই হতে পারে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি সই হওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র।

চলতি বছরের এপ্রিলে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তি অনুযায়ী, ২০৩১ সালে প্রথম উড়োজাহাজটি দেশে আসার কথা রয়েছে। ২০৩৫ সালের মধ্যে সবগুলো উড়োজাহাজ সরবরাহ শেষ হওয়ার কথা।

এরই মধ্যে বাংলাদেশকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত আগস্টে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ নতুন করে বোয়িংয়ের উড়োজাহাজ কিনতে যাচ্ছে। তবে তখন উড়োজাহাজের সংখ্যা বা চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সময় বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে এ তথ্য প্রকাশ্য হলেও নতুন চুক্তির বিষয়ে তখন পর্যন্ত সরকারি পর্যায়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্রের দাবি, বুধবারই চুক্তি সই হবে এবং এর আওতায় বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনা হবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের।

এদিকে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসনের সাক্ষাতের কথাও রয়েছে। এ সফরকে কেন্দ্র করে বিমানের চেয়ারম্যান রুবি এ হোসেনও নিউইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে প্রস্তাবিত ১১টি উড়োজাহাজের মডেল, মোট মূল্য, অর্থায়ন পদ্ধতি এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

এর পাশাপাশি আগামী মাসে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গেও বাংলাদেশের একটি চুক্তি হতে পারে। ওই চুক্তির আওতায় এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাবনার কথা জানা গেছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িংয়ের এবং পাঁচটি কানাডার নির্মাতা প্রতিষ্ঠানের ড্যাশ-৮ উড়োজাহাজ।

  • বিমান
  • বিমান-বোয়িং চুক্তি
  • বোয়িং
  • সর্বশেষ