এক বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে বিমানের ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
সংবাদ সম্মেলনের আলোচ্যসূচিতে বিশেষভাবে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থাটি আবারও বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, পরিচালনাগত সীমাবদ্ধতা, হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বিবেচনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটের ফ্লাইট স্থগিত করেছিল।
এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিমান যোগাযোগ জোরদার এবং রুটটিকে বাণিজ্যিকভাবে লাভজনক করার লক্ষ্যে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করা হয়েছিল। তবে এরও আগে ২০০৬ সালে পর্যাপ্ত উড়োজাহাজের অভাব এবং বাণিজ্যিক লোকসানের কারণে ঢাকা-টোকিও রুটের কার্যক্রম বন্ধ করে দেয় বিমান।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনসম্পৃক্ততার কারণে সরাসরি বিমান যোগাযোগের গুরুত্ব অনেক বেড়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী ও পর্যটকদের যাতায়াত সহজ করতে এই রুট পুনরায় চালু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
ফ্লাইটের সময়সূচি, সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি এবং আনুষ্ঠানিক যাত্রা শুরুর তারিখসহ বিস্তারিত তথ্য সোমবারের সংবাদ সম্মেলনে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
