দীর্ঘ দেড় বছর অচলাবস্থার পর ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা কার্যক্রম চালু করেছে। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ সিদ্ধান্তকে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
হাইকমিশন সূত্রে জানা গেছে, এখন থেকে দিল্লিতে ভারতীয় নাগরিকরা নিয়মিতভাবে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। দীর্ঘদিনের স্থবিরতার পর এ পদক্ষেপ দুই দেশের জনগণ ও ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরিয়েছে।
এর আগে গত ২১ ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত। এর প্রতিক্রিয়ায় পরদিনই দিল্লি ও আগরতলায় বাংলাদেশের মিশন থেকে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়। ফলে কার্যত দুই দেশের ভিসা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন শোনা যাচ্ছে। সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াও স্বাভাবিক পর্যায়ে ফিরবে। তার এ ঘোষণার পরপরই দিল্লিতে বাংলাদেশি ভিসা সেবা চালুর সিদ্ধান্তকে পারস্পরিক আস্থা পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত দেড় বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম কার্যত বন্ধ থাকায় চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভ্রমণসহ নানা খাতে ভোগান্তি তৈরি হয়। আকাশপথেও এর প্রভাব পড়ে। যাত্রীসংখ্যা কমে যাওয়ায় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সও চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট স্থগিত রাখে।
বর্তমানে বাংলাদেশিদের জন্য পূর্ণমাত্রায় ভারতীয় ভিসা কবে পুনরায় চালু হবে সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পারস্পরিক আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে সাম্প্রতিক উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
