মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন দিনে মোট ৭৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০ থেকে ৪৬টি পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। সর্বোচ্চ বাতিল হয়েছে ২ মার্চ (৪৬টি) এবং ১ মার্চ (৪০টি)।
এছাড়া ২৬ মার্চ ২০২৬ তারিখে (০০০০ ঘণ্টার পর) আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজ-এর ৪টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়া-এর ৬টি, বাহরাইনগামী গালফ এয়ার-এর ২টি, কাতারগামী কাতার এয়ারওয়েজ-এর ৪টি, দুবাইগামী এমিরেটস-এর ২টি এবং কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে এ পর্যন্ত মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি।
