বৃহত্তর সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যও সমৃদ্ধ। এখানকার লোকসংগীত, আঞ্চলিক খাবার, আতিথেয়তা এবং প্রবাসী সংস্কৃতির প্রভাব অঞ্চলটিকে বিশেষ বৈচিত্র্য দিয়েছে।
সাতকড়া, চা, পাহাড়ি ফল কিংবা স্থানীয় রান্না পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। ভ্রমণ শুধু দৃশ্য উপভোগ নয়; একটি অঞ্চলের সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও জীবনধারা জানারও সুযোগ। সেই দিক থেকেও সিলেট একটি পূর্ণাঙ্গ পর্যটন অভিজ্ঞতা দেয়।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বৃহত্তর সিলেটের পর্যটন সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন শিল্পের বিকাশ হলে স্থানীয় হোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্টুরেন্ট, গাইড সার্ভিস, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি লাভবান হন। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়। পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি গতিশীল হয় এবং সরকারের রাজস্ব আয়ও বাড়ে।
প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবেও সিলেটের একটি বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটি প্রবাসীরা প্রতিবছর দেশে ফিরে আসেন এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেন।
তাদের ভ্রমণ, আবাসন, কেনাকাটা ও সামাজিক কার্যক্রম স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে। অনেক পর্যটনকেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, মানসম্মত আবাসন এবং পরিকল্পিত ব্যবস্থাপনার অভাব চোখে পড়ে। যদি পর্যটন অবকাঠামো আরও উন্নত করা যায়, তাহলে এই প্রবাসী নির্ভর অর্থনৈতিক প্রবাহ আরও শক্তিশালী হবে।
তবে এত সম্ভাবনার পরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। পরিবেশ সংরক্ষণেও আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। অনেক পর্যটনকেন্দ্রে মানসম্মত স্যানিটেশন, পর্যাপ্ত নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের পর্যটন সেবা এখনো নিশ্চিত হয়নি। অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক দূষণ ও অবকাঠামোগত অপরিকল্পনা প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি হতে পারে।
সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবেশবান্ধব পর্যটন নীতি, দক্ষ মানবসম্পদ, ডিজিটাল প্রচারণা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি স্থানীয় জনগণকে পর্যটন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা জরুরি। বিমান ও সড়ক যোগাযোগ আরও সহজ এবং মানসম্মত করা গেলে পর্যটক প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিতে হলে বৃহত্তর সিলেটকে আরও গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃতি, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও আতিথেয়তার যে অনন্য সমন্বয় সিলেট ধারণ করে, তা সত্যিই বিরল।
তাই সিলেটকে শুধু একটি সুন্দর ভ্রমণ গন্তব্য হিসেবে দেখলে চলবে না; এটিকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।
বৃহত্তর সিলেট কেবল একটি অঞ্চল নয়; এটি বাংলাদেশের পর্যটনের প্রাণ, যেখানে প্রকৃতি নিজেই পর্যটকদের আমন্ত্রণ জানায়। সিলেট আজ কেবল পর্যটনের স্বপ্নভূমি নয়, বরং বাংলাদেশের পর্যটন অর্থনীতির সম্ভাবনার নতুন দিগন্ত।
মো. কামরুল ইসলাম : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট



