পর্যটন শিল্পে পেশাদারিত্ব আনতে ঢাকায় প্রশিক্ষণ আয়োজন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ কর্মশালা অনুষ্ঠিত

পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে aviation.com.bd-এর উদ্যোগে ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী একটি ইন্ডাস্ট্রি কর্মশালা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলামটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র-এ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞ পর্যটন পেশাজীবীদের পাশাপাশি এ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণরাও ছিলেন।

কর্মশালায় প্রেজেন্টেশন, দলীয় কাজ (টিমওয়ার্ক) এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মতবিনিময় সেশন অন্তর্ভুক্ত ছিল। একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং অপারেশনাল বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং PATA Bangladesh Chapter-এর সাধারণ সম্পাদক তৌফিক রহমান। ইনবাউন্ড ট্যুরিজম ও হসপিটালিটি শিক্ষায় প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই বিশেষজ্ঞ পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালা প্রসঙ্গে তৌফিক রহমান বলেন, “পর্যটন খাতের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণার্থীদের আগ্রহ আশাব্যঞ্জক, যা ভবিষ্যতে এই খাতকে আরও সমৃদ্ধ করবে।”

এদিকে, হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা ও সিইও, aviation.com.bd বলেন, “আমাদের লক্ষ্য ছিল অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং তরুণদের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা, যাতে তারা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে।” তিনি কর্মশালার সহযোগী প্রতিষ্ঠান M360 ICT এবং The Bangladesh Monitor-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তাত্ত্বিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় শিগগিরই একটি ‘হ্যান্ডস-অন ফিল্ড ট্রিপ’ আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণকারীরা দেশের জনপ্রিয় পর্যটন গন্তব্যে ভ্রমণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

বাংলাদেশের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক প্র­তিষ্ঠান।

  • ট্যুর গাইড
  • ট্যুরিজম
  • পর্যটন
  • ভ্রমণ