ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ৩২০ টি

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬টি, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ। ৩ মার্চ বাতিল হয় ৩৯টি ফ্লাইট, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।

এরপর ৭ মার্চ বাতিল হয় ২৮টি ফ্লাইট এবং ৮ মার্চও একই সংখ্যক অর্থাৎ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

৯ মার্চ রাত ১২টার (০০০০ লোকাল টাইম) পরবর্তী সময়ের জন্যও আরও ১৮টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের (KU) ২টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার (G9) ৬টি, বাহরাইনগামী গালফ এয়ারের (GF) ২টি, কাতারগামী কাতার এয়ারওয়েজের (QR) ৪টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের (EK) ৪টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর