মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল ২১৮

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে অচলাবস্থা আরও তীব্র হয়েছে। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সোমবার (৩০ মার্চ ২০২৬) দিনজুড়ে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইটও বাতিল হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ নেই। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৫টি ফ্লাইট এবং ৪টি বহির্গমন ফ্লাইট আজ সচল ছিল বলে জানা গেছে।

অন্যদিকে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর