মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে চট্টগ্রামের ফ্লাইট বাতিলের সংখ্যা ২৬৯ ছাড়ালো

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো ইতিবাচক অগ্রগতি না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ মোট ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট, এয়ার আরাবিয়ার ১টি আগমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি আগমন ফ্লাইট এবং ৬টি বহির্গমন ফ্লাইট আজ পরিচালিত হয়েছে।

তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে আজকের ৫টি বাতিল ফ্লাইটসহ মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর