যুক্তরাষ্ট্রে যেতে বাংলাদেশিদের গুনতে হবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত। বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে এই জমা দিতে হবে। গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র দফতরের এই তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান রয়েছে। পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণায় বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি ‘বি-১’ (ব্যবসায়িক) বা ‘বি-২’ (পর্যটন) ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ড জমা দিতে হবে।
ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর প্রোফাইল ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
আগামী ২১ জানুয়ারি থেকে এই নতুন নীতি কার্যকর হবে জানানো হয়।
