মধ্যপ্রাচ্যে চলমান সংকটময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
আগামীকাল (বৃহস্পতিবার) ৫ মার্চ দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ফিরবে।
দুই বিশেষ ফ্লাইটই ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ দ্বারা পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
যেসব বাংলাদেশী যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করা যাবে।
