আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্স, চালু হলো সালাম এয়ার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২২ ঘন্টা আগে

দীর্ঘ আট বছর পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার সকালে ১৩৩ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।

সকাল ৭টা ৩০ মিনিটে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে পৌঁছালে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে ফিরতি ফ্লাইট হিসেবে সকাল ৮টা ৪৫ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে সিলেট ছাড়ে বিমানটি।

উদ্বোধনী উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে আগত ও মাস্কাটগামী যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। অতিথিদের দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাম এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন। বিশেষ অতিথি ছিলেন ওমান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফাতিহা আহমেদ আল বালুশি। এছাড়া বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের পাশাপাশি সালাম এয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্টিভ অ্যালেন বলেন, সিলেট ও মাস্কাটের মধ্যে দীর্ঘদিনের আত্মিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালুর ফলে এ সম্পর্ক আরও জোরদার হবে।

 

তিনি জানান, সিলেটের বিমানযাত্রীদের চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে সালাম এয়ার। ভবিষ্যতে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর পাশাপাশি সেবার মান ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, শুরুতে সিলেট-মাস্কাট রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। যাত্রী চাহিদা বাড়লে আগামী মাস থেকে ফ্লাইট সংখ্যা সপ্তাহে পাঁচটিতে উন্নীত করা হতে পারে। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বর্তমানে বাংলাদেশ থেকে সালাম এয়ারের ২৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট রয়েছে।

 

সালাম এয়ারের ফ্লাইট চালুর ফলে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্যও নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ট্রাভেল এজেন্সি সিলেট-মাস্কাট-জেদ্দা রুটে সালাম এয়ারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা থেকে ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে।

 

সালাম এয়ার বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া উপমহাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে ৪০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

 

আট বছর পর ফিরল বিদেশি ফ্লাইট

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইদুবাই ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে তাদের ফ্লাইট চালু হয়। পরে যাত্রী চাহিদা বাড়ায় সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হয়।

 

তবে পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় ফ্লাইদুবাই। এরপর প্রায় আট বছর বিদেশি কোনো এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল না ওসমানী বিমানবন্দরে।

 

সালাম এয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইট চালুর মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো। নতুন এই রুট সিলেটের প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও ওমরাহযাত্রীদের আন্তর্জাতিক যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • এমএওজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
  • বিমানবন্দর
  • সর্বশেষ