যানজট নিরসনে শাহজালাল বিমানবন্দরে অভিযান, ৫ চালককে জরিমানা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও আশপাশের এলাকায় যানজট নিরসনে অভিযান চালিয়ে পাঁচ চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পার্কিং স্পেস ছাড়া অন্য কোথাও গাড়ি বা সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো এবং পার্কিং নিষিদ্ধ এলাকায় গাড়ি রেখে যানজট সৃষ্টির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে বলা হয়, বিমানবন্দরে যানজট নিরসনে এপিবিএন, আনসার, বিমানবন্দর থানা ও টাস্কফোর্সের সদস্যরা দিনরাত কাজ করছেন। এর পাশাপাশি বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

নওশাদ খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের নির্ধারিত পার্কিং স্পেস ছাড়া অন্য কোনো স্থানে গাড়ি বা সিএনজি দাঁড় করিয়ে রাখা যাবে না। একই সঙ্গে পার্কিং নিষিদ্ধ এলাকায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী খোঁজার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এক বেলার অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পাঁচজন চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের বিভিন্ন স্থানে চালকদের সতর্ক করা হয়েছে।

বিমানবন্দরের অতিরিক্ত যাত্রীচাপের বিষয়টিও তুলে ধরেন নওশাদ খান। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে সর্বোচ্চ প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রাখে। তবে গত দুই বছরে বিমানবন্দরটি দিয়ে যথাক্রমে প্রায় ১ কোটি ৩০ লাখ ও ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন।

অতিরিক্ত যাত্রী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের কারণে বিমানবন্দরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হচ্ছে। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিমানবন্দর রেলস্টেশন ব্যবহারকারীদের চাপও বিমানবন্দর এলাকার ওপর পড়ছে। ফলে ব্যস্ত সময়ে বিমানবন্দরে প্রবেশের সরু ও অপ্রতুল সড়কে যানজট তৈরি হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নওশাদ খান আশা প্রকাশ করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বছরের শেষ নাগাদ কার্যক্রম শুরু করলে বিদ্যমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের জন্য আরও ভালো সেবার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছেন।

  • বিমানবন্দর
  • যানজট
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ