১ ফেব্রুয়ারি নয় ১ মার্চ থেকে স্থগিত ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ মার্চ ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিমান সূত্রে জানা গেছে, এর আগে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও টিকিটধারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সময়সীমা এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

ফ্লাইট স্থগিতের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে যাত্রার ব্যবস্থা, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুযোগ দেওয়া হবে। এসব ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি, ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

  • ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স