২০ হাজার টাকায় সৌদি থেকে ফিরতি ফ্লাইটে যাত্রী নেবে বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

চলতি হজ মৌসুমে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রী পরিবহন শেষে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী বহন করা হবে, যেখানে টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, হজ মৌসুমে বিমানের ফিরতি ফ্লাইটগুলো দীর্ঘদিন ধরে প্রায় খালি আসত। এবার সেই ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে যাত্রীরা কম খরচে দেশে ফিরতে পারবেন, অন্যদিকে বিমান প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করবে।

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, উপদেষ্টা হিসেবে কোনো সরকারি সুবিধা গ্রহণ করেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। ইতোমধ্যে তার সম্পদের বিবরণী প্রস্তুত করা হয়েছে এবং দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দেওয়া হবে।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, আইন অনুসরণ করেই তিনি দায়িত্ব নিয়েছেন। তার আগে আরও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা একই দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিমানে ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

  • ফিরতি টিকিট
  • বিমান
  • হজ