২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও নির্ধারিত সময়ে সম্পন্নের লক্ষ্যে আগামী সোমবার (১৯ জানুয়ারি) এর মধ্যে হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিত করতে তিনটি এয়ারলাইন্সকে নির্দেশ দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সকে এ বিষয়ে চিঠি পাঠায় কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।
এই পরিস্থিতিতে বাড়ি ভাড়া চুক্তি সম্পন্নের জন্য হজ এজেন্সিগুলো এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট জমা দিচ্ছে। এসব কার্যক্রম দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের সৌদি আরবে যাতায়াতে একই ফ্লাইট ব্যবহার করতে হবে। প্রি-হজ ফ্লাইট চলাকালে একটি এজেন্সির মোট হজযাত্রীর ন্যূনতম ২০ শতাংশ এবং প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ টিকিট ইস্যু করার নিয়ম রয়েছে। তবে কোনো ধাপেই ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশেষ করে হজযাত্রীদের মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্নের স্বার্থে এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সোমবারের মধ্যে টিকিট নিশ্চিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অবহিত করতে হবে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
