ভিসা বন্ড শর্ত পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশিদের জন্য আরোপিত ভিসা বন্ড সংক্রান্ত শর্ত ভবিষ্যতে পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এ ইঙ্গিত দেন।

বৈঠকে খলিলুর রহমান সাম্প্রতিক ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সৃষ্ট জটিলতার বিষয়টি তুলে ধরেন এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি-১ ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড থেকে অব্যাহতির অনুরোধ জানান।

এ বিষয়ে অ্যালিসন হুকার বলেন, ভবিষ্যতে যদি পর্যটক ও ভিজিটরদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে, তাহলে ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান শর্তগুলো পুনর্বিবেচনা করা হতে পারে।

এসময় তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য আঞ্চলিক বিষয়।

  • যুক্তরাষ্ট্র ভিসা