সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটির বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে ঢাকা-সৌদি রুটের বিমান চলাচলে। এ পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। এতে অন্তত ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট ব্যাহত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক যাত্রী। পাশাপাশি ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যাতায়াত এবং পরবর্তী সংযোগকারী ফ্লাইট পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
বেবিচক জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।
