‘ট্যুরিজম হাব’ গড়তে জাতীয় পর্যটন নীতিমালা প্রণয়ন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়ন হচ্ছে: প্রতিমন্ত্রী

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারে ‘জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার ঢাকার পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা দূর করতে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন স্পটগুলোর উন্নয়নে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশকে ‘ট্যুরিজম হাব’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পর্যটন খাতের অগ্রযাত্রায় বেসরকারি অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে।

জাতীয় পর্যটন কাউন্সিলের সভা ছয় মাস অন্তর আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

পর্যটন খাতের অবদান দেশের জিডিপিতে অদূর ভবিষ্যতে ১০ শতাংশে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করে মিল্লাত বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশে ব্যাক ওয়াটার ট্যুরিজমের সম্ভাবনা, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, উন্নয়ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন ভুঁইয়া।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দূর করতে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের কাজ শুরু হয়েছে। এ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) টাঙ্গুয়ার হাওর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ব্যাক ওয়াটার ট্যুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করা সম্ভব। এ খাতের উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা জরুরি।

তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে পর্যটকদের নিরাপত্তাও বাড়বে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ।

  • পর্যটন
  • ভ্রমণ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সর্বশেষ