আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসব কমিটির এশীয় দূত বাংলাদেশের ডাল্টন জহির

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জাতিসংঘের পর্যটন সংস্থার সহযোগী সদস্য আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসব কমিটি (সিআইএফএফটি)-এর এশিয়া অঞ্চলের দূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের পর্যটন খাতের পেশাজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)। গত ৬ অক্টোবর অস্ট্রিয়ার ভিয়েনায় সিআইএফএফটি এ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

নতুন দায়িত্বে ডাল্টন জহির এশিয়া অঞ্চলে সিআইএফএফটি ও বিশ্ব পর্যটন চলচ্চিত্র পুরস্কারের কার্যক্রমের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি পর্যটন প্রচারে উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভিডিওভিত্তিক প্রচারণা জোরদারে কাজ করবেন তিনি।

সিআইএফএফটির এশীয় কার্যক্রম ও বিশ্ব পর্যটন চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে সচেতনতা বাড়ানো তাঁর অন্যতম দায়িত্ব। এ জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, প্রযোজনা সংস্থা, সৃজনশীল প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কৌশলগত যোগাযোগ গড়ে তুলবেন তিনি। একই সঙ্গে পর্যটনভিত্তিক চলচ্চিত্র ও প্রচারণামূলক ভিডিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জমা দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের পরামর্শ দেবেন।

এশিয়ার ভ্রমণভিত্তিক ভিডিও বিপণন ও চলচ্চিত্র নির্মাণের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেও কাজ করবেন ডাল্টন জহির। ভিয়েনায় সিআইএফএফটির সদর দপ্তর এবং এশিয়ার অংশীদারদের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

সিআইএফএফটির পরিচালক আলেকজান্ডার ভি. কামেল বলেন, এশিয়ায় সংস্থাটির কার্যক্রম আরও শক্তিশালী করা এবং মানসম্মত ভিডিওভিত্তিক পর্যটন প্রচারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবেই ডাল্টন জহিরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ বছরের বেশি সময় ধরে আতিথেয়তা, পর্যটন, গণমাধ্যম ও বহুজাতিক করপোরেট খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে ডাল্টন জহিরের। পর্যটন এবং দক্ষিণ এশিয়ার পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। এ ছাড়া তাঁর লেখা ও প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি।

ডাল্টন জহির ট্রাভেলারকি, ইউরোপকি, ট্রাভেলারটাইমস ও ওয়েলকাম বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক ভ্রমণভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি বাংলাদেশ পর্যটন উন্নয়ন সমিতির পরিচালক, আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির সভাপতি এবং স্কাল ইন্টারন্যাশনাল আর্জেন্টিনার বৈশ্বিক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ব্র্যাক সার্ভিসেস লিমিটেডের ব্র্যাক হোটেল গ্রুপে বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাডাইস ও লেকশোর হোটেলের নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মজীবনে মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল ও ফুজিফিল্মের মতো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

আন্তর্জাতিক পর্যায়ে স্কাল ইন্টারন্যাশনাল মাদ্রিদ, ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ডাল্টন জহির।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সিআইএফএফটি আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসবগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ভ্রমণভিত্তিক ভিডিও বিপণন, প্রচারণামূলক ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পর্যটন প্রচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিভিন্ন পুরস্কার কার্যক্রম পরিচালনা করে।

সিআইএফএফটি সার্কিটের আওতায় বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগীরা পয়েন্ট অর্জনের মাধ্যমে র‌্যাঙ্কিংয়ে স্থান পান। পরে বিশ্ব পর্যটন চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে শহর, অঞ্চল, দেশ, পর্যটন পণ্য ও পর্যটনসেবার প্রচারণায় সেরা ভিডিওগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

 

  • travel based first digital media
  • আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসব
  • পর্যটন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া