সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সৌদি সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আকাশপথে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য: ৮০০১০০০১২৬।
দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।
