ভিডিও বার্তায় প্রবাসীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রবাসীদের জন্য ভিডিও বার্তায় সুখব্র দিচ্ছেন আসিফ নজরুল

প্রবাসীরা আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন বলে জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে এ পাসপোর্ট পাবেন যারা এরই মধ্যে আবেদন করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল (মঙ্গলবার) এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আসিফ নজরুল বলেন, আবেদনকারীরা আগামী ১৫ ডিসেম্বরের পর তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন। প্রথমে পাবেন সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীরা এবং পরবর্তীতে চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য দেশগুলোতে এমআরপি দেয়া হবে। আশা করি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে।

উপদেষ্টার ভিডিও বার্তা থেকে জানা যায় এবার যথেষ্ট পাসপোর্ট ছাপানো হয়েছে। আগামী দু-তিন বছরে পাসপোর্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। এসময় আসিফ নজরুল আরো বলেন, এমআরপি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে এ পাসপোর্ট দেয়া শুরু হবে। প্রবাসীদের সহযোগিতার জন্য প্রয়োজনে বায়োমেট্রিক নিতে সংশ্লিষ্ট দেশগুলোতে সরকারের টিম যাবে।

  • আসিফ নজরুল
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী