মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে। ফলে বিপাকে পড়েছেন বিদেশগামী বহু যাত্রী।
নিরাপত্তা ঝুঁকির কারণে প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে। পরে একই রুট ব্যবহারকারী অন্যান্য এয়ারলাইন্সও ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ অবস্থায় যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। বিমানের হটলাইন নম্বর ১৩৬৩৬।
যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছে গেছেন, তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিনামূল্যে রাত্রিযাপনের ব্যবস্থা করেছে। এ সুবিধা পেতে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে যেন ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম জানাতে হবে। পাশাপাশি পুনঃনির্ধারিত ফ্লাইটের সময়সূচি স্পষ্টভাবে জানিয়ে যাত্রীদের ভোগান্তি কমাতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন,যাত্রীরা যেন নিয়মিত এয়ারলাইন্সের হটলাইন, ওয়েবসাইট বা অফিসিয়াল ঘোষণার মাধ্যমে সর্বশেষ তথ্য নিশ্চিত করে তারপর বিমানবন্দরে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
