৩৭ হাজার যাত্রীর জন্য ফ্রি ওয়াই-ফাই চালু শাহজালাল বিমানবন্দরে

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে। রোববার(১৭ মে) দুপুর ২টায় এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করার অংশ হিসেবে বিমানবন্দরের যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সেবা চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন সম্ভব হবে, যা দেশের বিমান চলাচল খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে ৩৭ হাজারের বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা।

প্রকল্পের আওতায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২৬ এপ্রিল পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এ সেবা ব্যবহার করেছেন। এ সময়ে প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে দেশি-বিদেশি যাত্রীদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও অনলাইন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

  • travel based first digital media
  • ফ্রি ওয়াইফাই
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর