ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি এ প্রস্তাব উত্থাপন করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধি পাবে।

এ সময় ইরানের উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কথা তুলে ধরে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ইরান সফরের আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে মেডিকেল ট্যুরিজমেরও প্রসার ঘটবে।

বৈঠকে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব দেন।

  • travel based first digital media
  • ইরান
  • ঢাকা-তেহরান
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সরাসরি ফ্লাইট