মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সোমবার (৯ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে হবে। যেসব প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ঘটনায় নিহত হয়েছেন, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নিহত আহমদ আলীর পরিবারের পাশে থাকার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিহত অন্যান্য বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে।
এর আগে সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে আহমদ আলীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
