ঈদের ছুটিতেও প্রবাসীদের সহায়তায় চালু থাকবে নিয়ন্ত্রণ কক্ষ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ দিন আগে

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা চালু থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর নিয়ন্ত্রণ কক্ষ।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মার্চ ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। এতে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। প্রবাসীরা সহায়তার জন্য দেশে থেকে টোল-ফ্রি নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে কর্তৃপক্ষকে জানাবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসীদের সহায়তায় গত ১০ মার্চ থেকেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

  • ঈদ
  • প্রবাস
  • প্রবাসী বাংলাদেশী