যে কারণে জরুরি অবতরণ করে বিমানের ফ্লাইট বিজি-৪৩৬

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি উড়োজাহাজের নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়। তবে পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণের পর উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটিতে ৭৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৮২ জন আরোহী ছিলেন। উড়োজাহাজটি বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর নির্ধারিত অবতরণের সময় ছিল দুপুর ২টা ৩০ মিনিট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড্ডয়নের পর উড়োজাহাজটির দ্বিতীয় হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এতে নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট দুপুর ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি অবস্থার কথা জানান। তখন উড়োজাহাজটি আনুমানিক ১৮ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে এরিয়া কন্ট্রোল থেকে ঢাকার টাওয়ারকে বিষয়টি অবহিত করা হয়।

জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ দলকে সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি উড়োজাহাজটি অবতরণের জন্য মার্শালিংয়ের প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে বিকেল ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

  • travel based first digital media
  • জরুরি অবতরণ
  • বিমান বাংলাদেশে এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • ল্যান্ডিং গিয়ারে ত্রুটি