সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

 

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

 

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করার আশ্বাস দেন তিনি।

 

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হজ