২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী নিবন্ধিত হাজিদের জন্য উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেন, প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় মেটানোর পর অবশিষ্ট প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীর নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।’
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরনভেদে হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণে পার্থক্য থাকবে।
হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা করে ফেরত পাবেন। আর শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা।দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা ফেরত পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। একই সঙ্গে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে হজ পালনকারীরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।
অন্যদিকে, তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা করে ফেরত দেওয়া হবে। আর তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ফেরত পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।
হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা করে ফেরত পাবেন। শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা।এ ছাড়া দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা করে ফেরত পাবেন। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।
৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।
অপরদিকে, ৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিদের ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা করে ফেরত দেওয়া হবে। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।
অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী হাজিরা প্রত্যেকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আগামী ২০২৭ সালের হজে এ ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
