১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

চলতি বছরের (২০২৬ সালের) হজযাত্রীদের জন্য হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহণকারী তিনটি এয়ারলাইনসের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

চিঠিতে জানানো হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়াও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে এবং  প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠাতে হবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এই নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

  • হজ