২০২৭ হজে ৯৮ হাজার টাকার বিমান ভাড়ার প্রস্তাব ইউএস-বাংলার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে হজ ফ্লাইট পরিচালনা করতে চায় বেসরকারি এয়ারলাইন্সটি। তুলনামূলকভাবে ২০২৬ সালের হজে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে এয়ারলাইন্সটি জানায়, স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের কম খরচে হজ পালনের সুযোগ করে দিতে তারা সব শর্ত পূরণ সাপেক্ষে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় ইউএস-বাংলার প্রস্তাব একটি ইতিবাচক দিক হিসেবে কাজ করবে। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, ইউএস-বাংলা সরকার অনুমতি দিলে সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করবে। সরকারও চায় কম খরচে মানুষ হজ পালনের সুযোগ পাক। হজ ফ্লাইট পরিচালনায় প্রতিযোগিতা সৃষ্টি হলে বিমান ভাড়া কমানোর ক্ষেত্রেও তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স অংশ নিয়ে থাকে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। ইউএস-বাংলার প্রস্তাবটি সংশ্লিষ্ট বৈঠকে আলোচনায় আসবে।

এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

  • বিমান
  • সর্বশেষ
  • হজ