আজ বিকাল ৪:২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট BG373-এ (বোয়িং ৭৩৭-৮০০) বোমা থাকার আশঙ্কা জানানো হয়।
উড়োজাহাজটি তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান-এর নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিমান বাহিনীর টাস্ক ফোর্স এবং এভিয়েশন সিকিউরিটি (এভসেক) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে।বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, এপিবিএন-এর ডগ স্কোয়াড এবং পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সম্মিলিতভাবে বিমানের অভ্যন্তর এবং লাগেজ পরীক্ষা শুরু করে।
সব যাত্রীকে নিরাপদে নামিয়ে এনে স্ক্রিনিংয়ের পর বিমানবন্দরের লাউঞ্জে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে নিশ্চিত করা হয় উড়োজাহাজে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার শুরু থেকেই নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করেছে এবং সকল যাত্রী ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমানে ফ্লাইটের যাত্রীদের পুনরায় নির্ধারিত গন্তব্যে পাঠানোর জন্য অন বোর্ড কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বেবিচক।
বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এই ইমার্জেন্সি মোকাবেলায় সংশ্লিস্ট সকল সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।
বিমানটি অবশেষে ২১২২ ঘটিকায় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে উড্ডয়ন করেছে।
