কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিমানবন্দরের আকাশ ও রানওয়ে ঝাপসা থাকায় নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব না হওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি ছিল। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও কুয়াশার কারণে অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় চলে যায়।
একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াংঝু থেকে আগত ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর সূত্রের মাধ্যমে অন্যান্য ফ্লাইট ডাইভার্ট হওয়ার তথ্যও নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে।
