কক্সবাজার বিমানবন্দর কি এবার সত্যিই আন্তর্জাতিক হচ্ছে?

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনতে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। সম্প্রসারিত এই রানওয়ের একটি অংশ সমুদ্রভূমি পুনরুদ্ধারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে, যা দেশের বিমানবন্দর অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এটি দেশের দীর্ঘতম রানওয়েগুলোর মধ্যে অন্যতম।

আন্তর্জাতিক যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিমানবন্দরে নতুন একটি আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণের কাজও চলছে। প্রায় ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের এই টার্মিনালে আধুনিক আগমন ও প্রস্থান লাউঞ্জ, কনভেয়ার বেল্ট, উন্নত ইমিগ্রেশন সুবিধা এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কারিগরি ও নিরাপত্তা মানদণ্ড পূরণের লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে। সম্প্রসারিত রানওয়ে বড় আকারের উড়োজাহাজ পরিচালনার উপযোগী করে নির্মাণ করা হয়েছে, ফলে ভবিষ্যতে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

বিশ্লেষকদের মতে, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পেলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিদেশি পর্যটকরা ঢাকায় ট্রানজিট ছাড়াই সরাসরি কক্সবাজারে পৌঁছানোর সুযোগ পেলে পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্থানীয় হোটেল, রিসোর্ট, পরিবহন ও অন্যান্য সেবাখাতেও বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে।

এছাড়া সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর যাত্রীচাপও কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের দীর্ঘমেয়াদি এভিয়েশন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ ও নীতিগত দিকনির্দেশনার প্রস্তাব রাখা হয়েছে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে কক্সবাজার শুধু দেশের প্রধান পর্যটনকেন্দ্র হিসেবেই নয়, আন্তর্জাতিক বিমান যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর