ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনা এবং কম ব্যয়ের সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

গত সোমবার ও মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত টানা কারিগরি বৈঠকের পর চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এসব বৈঠকে উভয় পক্ষ মূল্য নির্ধারণ ও পরিচালনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। ফলে আলোচনাটি নীতিগত স্তর পেরিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

গতকাল বুধবার (১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে কারিগরি বৈঠকের বিস্তারিত অবগত করেন।

তিনি জানান, দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক আগামী ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। এ বৈঠকে চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, এ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, ‘৩ এপ্রিলের বৈঠকের পর আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে।’

তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৯৯ শতাংশের বেশি শেষ হলেও ব্যবস্থাপনা ও পরিচালনা–সংক্রান্ত জটিলতা সমাধান না হওয়ায় এটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আলোচনায় ফেরার নির্দেশ দেন। এতে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়।

  • #travel_based_1st_digital_media
  • থার্ড টার্মিনাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর