শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ২৪ ঘন্টা কার্যক্রম চালুর সিদ্ধান্ত
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ১২ ঘন্টা আগে
কার্গো ভিলেজে পণ্যজট ও অগ্নিঝুঁকি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা পণ্য আদান-প্রদান চালু রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। রোববার বেবিচকের সদরদপ্তরে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ বেবিচক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা কাস্টমস হাউস, ঢাকা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ এবং সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, কার্গো ভিলেজে জমে থাকা পণ্য আগামী দুই সপ্তাহের মধ্যে দ্রুত খালাসের বিষয়ে অংশীজনরা আশ্বাস দিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বর্তমানে ১৫০ টনের বেশি কুরিয়ার পণ্য এবং ১ হাজার ৬০০ টনের বেশি কার্গো পণ্য জমে আছে। সংশ্লিষ্টদের মতে, এসব পণ্য দ্রুত খালাস করা না হলে সেখানে পুনরায় বড় ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে, গত শুক্রবার রাতে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বেবিচকের পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
সম্প্রতি বিমানবন্দরের কার্গো ভিলেজে জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিষয়ে বিজিএমইএকে একটি চিঠি দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। ওই চিঠিতে দ্রুত পণ্য খালাস না হলে অগ্নিঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়। এর কয়েক দিন পর, গত শুক্রবার রাত ১১টার দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত ৫ জুন রাতে এবং এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।