মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড আংশিকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট আজ বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ মোট ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি আগমন (এরাইভাল) ফ্লাইট এবং দুবাইগামী ২টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী আরও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি যাত্রীবাহী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট চট্টগ্রাম থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজকের ৫টি ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
