ঢাকা-পোখরা রুটে বিমান চালাতে চায় নেপাল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৬ ঘন্টা আগে

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পিত উদ্বোধনকে সামনে রেখে নেপাল থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর প্রত্যাশা করছে বাংলাদেশ। অন্যদিকে, ঢাকা-পোখরা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হলে নেপালের পর্যটকদের জন্য সরাসরি বাংলাদেশের জনপ্রিয় সমুদ্রসৈকত নগরী কক্সবাজার ভ্রমণের নতুন সুযোগ তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেন, নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে দুই দেশের মধ্যে পর্যটন যোগাযোগ বাড়বে এবং কক্সবাজারে বিদেশি পর্যটক আগমনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে, ঢাকা-পোখরা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ জানিয়েছে নেপাল। এ রুট চালু হলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে এবং পর্যটক যাতায়াত বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পর্যটন বিনিময় সম্প্রসারণ, আকাশপথে যোগাযোগ উন্নয়ন এবং পর্যটনশিল্পের বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই পর্যটন খাতে সহযোগিতা আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

  • সর্বশেষ