সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো আইএলএস রক্ষণাবেক্ষণ কোর্স সম্পন্ন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘আইএলএস মেইনটেন্যান্স কোর্স-১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন বিমানবন্দর ও সংশ্লিষ্ট দপ্তরের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বেবিচকের ২০২৬–২০২৭ অর্থবছরের প্রশিক্ষণ পরিকল্পনার আওতায় আয়োজিত এ কোর্সে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ ও সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আইএলএস উড়োজাহাজের নিরাপদ অবতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও সীমিত দৃশ্যমানতার পরিস্থিতিতে। এ ব্যবস্থার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে দক্ষ জনবল তৈরি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের বিমানবন্দরগুলোতে আইএলএস রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর করবে। পাশাপাশি কারিগরি ত্রুটিজনিত বিঘ্ন কমানো, দ্রুত সমস্যা সমাধান এবং নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রশিক্ষণটি ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে দেশীয় কারিগরি জনবলের সক্ষমতা বাড়ার পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ ও বহিরাগত কারিগরি সহায়তার ওপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হবে।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচক সদর দপ্তরের পরিচালক (সিএনএস) প্রশান্ত কুমার সাহা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক (সিএনএস) কাজী শামসুল আলম।

সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো এ বিশেষায়িত কোর্স আয়োজনকে বেবিচকের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ ও দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিকতা দেশের বিমানবন্দরগুলোর কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও দক্ষ বিমান চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  • এভিয়েশন
  • সর্বশেষ