বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্বের ১৩৭টি দেশের পেশাজীবীদের সঙ্গে সংহতি প্রকাশের মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস।
এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিক্যাব)। অনুষ্ঠানে বক্তারা বিমান চলাচলের নিরাপত্তা, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত দায়িত্ব এবং বাংলাদেশের আকাশসীমার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, আকাশপথে উড়োজাহাজের নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রতিদিন অসংখ্য উড়োজাহাজের উড্ডয়ন, অবতরণ এবং আকাশপথে চলাচল সমন্বয়ের মাধ্যমে তাঁরা দুর্ঘটনার ঝুঁকি কমাতে ও বিমান চলাচলের নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখেন।
তাঁদের মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা এবং সার্বক্ষণিক সতর্কতা নিরাপদ বিমান চলাচলের অন্যতম প্রধান ভিত্তি। তাঁদের পেশাগত দক্ষতার ওপর যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার পাশাপাশি আকাশপথে সুষ্ঠু যোগাযোগ ও সমন্বয়ও নির্ভর করে।
অনুষ্ঠানে বাংলাদেশের আকাশসীমাকে ঘিরে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এর সমুদ্রসীমাসংলগ্ন উপযুক্ত এলাকায় এয়ার নেভিগেশন সেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা মনে করেন, এ ধরনের সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া গেলে বাংলাদেশের আকাশসীমার সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যতে নতুন রাজস্ব আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দেশের বিমান চলাচল খাতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আকাশসীমার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং উন্নত এয়ার নেভিগেশন সেবার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
