ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা ৫০০ ছাড়াল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৬ দিন আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এসব দেশের গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করতে হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া ১৫ মার্চ (০০০০ এলটি-র পর) আরও ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ২টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ২টি, বাহরাইনগামী গালফ এয়ারের ২টি, কাতারগামী কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের ২টি, কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইদুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর