মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৯ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, আজ বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ২টি অ্যারাইভালএবং শারজাহগামী ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। সালাম এয়ার-এর মাস্কাট থেকে আগত ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
তবে সবকিছুর মাঝেও আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি অ্যারাইভাল এবং ৩টি ডিপার্চার ফ্লাইট সীমিত পরিসরে চালু ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো পুনরায় স্থবির হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আজকের ৯টি বাতিলসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
