মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে শত শত ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।
২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে মোট ৪৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়।
এদিকে ১৪ মার্চ (০০০০ স্থানীয় সময়ের পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪৭৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
