তিন হাজার শ্রমিক ইউরোপে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা

বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন সহজ করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ নামের একটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তিন হাজার কর্মীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে এই প্রকল্পের মাধ্যমে ।

প্রকল্পটি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) । এতে প্রয়োজনীয় ৩০ লাখ ইউরোর অর্থ সহায়তা দিচ্ছে ইইউ।

গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আসিফ নজরুল বলেন, ‘এই প্রকল্পটির মাধ্যমে অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে। দেশে প্রবাসী আয়ও বাড়বে উল্লেখযোগ্য হারে।’

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন। তিনি বলেন, ‘এটি প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য নিয়োগকে সহজতর করার লক্ষ্যে কাজ করবে।’

বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত এবং প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বলেন, ‘এই প্রকল্পটি নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করবে, অভিবাসী শ্রমিক মানবাধিকার ও সম্মান বাড়াবে। আইনি অভিবাসনের পথ তৈরির পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও পাচার রোধে কাজ করবে।’

  • ইউরোপীয় ভিসা
  • ইউরোপে কর্মসংস্থান